রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যা মামলার ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
শনিবার (২৩ মে) বিকেলে এ প্রতিবেদন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে দেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান জানিয়েছেন, আগামী রোববার আদালতে মামলার চার্জশিট দাখিল করা হতে পারে।
মামলা সূত্রে জানা যায়, নিহত রামিসা স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। গত ১৯ মে সকালে বাসা থেকে বের হওয়ার পর তাকে পাশের ফ্ল্যাটে ডেকে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে খুঁজতে গিয়ে অভিযুক্তদের কক্ষের সামনে তার জুতা দেখতে পান।
অনেক ডাকাডাকির পর সাড়া না পেয়ে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে সেখানে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজনকে হেফাজতে নেয় এবং পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রধান অভিযুক্ত সোহেল রানাকে নারায়ণগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পরে আদালতে হাজির করা হলে তদন্ত কর্মকর্তা আসামির জবানবন্দি গ্রহণ ও অপর অভিযুক্তকে কারাগারে পাঠানোর আবেদন করেন।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, আসামি জবানবন্দিতে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মামলাটির তদন্ত কার্যক্রম দ্রুত শেষ করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

