আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের প্রথম জানাজা শেষে রাজধানীর ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিলের চেষ্টা করলে কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার (১জুন ) সন্ধ্যায় ধানমন্ডির তাকওয়া মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে তোফায়েল আহমেদের জানাজা অনুষ্ঠিত হওয়ার আগে থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা মসজিদের সামনে জড়ো হতে থাকেন। জানাজা শেষে উপস্থিত কয়েকজন নেতাকর্মী ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে মিছিল বের করার চেষ্টা করেন।
এ সময় পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায়।
ধানমন্ডি থানা সূত্রে জানা গেছে, স্লোগান দেওয়া ও মিছিলের চেষ্টা করার সময় কয়েকজনকে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের সংখ্যা বা তাদের পরিচয় জানানো হয়নি।
এর আগে সোমবার বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, ঢাকায় প্রথম জানাজা শেষে মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হবে। মঙ্গলবার সকালে হেলিকপ্টারে করে তার মরদেহ ভোলায় নেওয়া হবে। সেখানে ভোলা জিলা স্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিউমোনিয়াজনিত শ্বাসকষ্ট, হৃদরোগসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন তোফায়েল আহমেদ। গত বছরের ২৪ সেপ্টেম্বর তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

