রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বাল্যবিবাহ, মাদক ও সাইবার আসক্তি প্রতিরোধে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের আয়োজনে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) সকাল ১১টায় দৌলতদিয়া মডেল হাইস্কুলে এবং একইদিন দুপুরে জামতলা মাধ্যমিক বিদ্যালয়ে এ সচেতনতামূলক কর্মসূচির অনুষ্ঠিত হয়।
এ সময় শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম বাল্যবিবাহের কুফল, মাদকের বিস্তার প্রতিরোধ এবং সাইবার আসক্তি থেকে দূরে থাকার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। শিক্ষার্থীদের সচেতন হয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. সফিকুল ইসলাম জানান, সামাজিক অপরাধ প্রতিরোধে সমাজের সকল ধর্ম, বর্ণ, বয়স ও শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে তারা অঙ্গীকারবদ্ধ। শিশু, কিশোর ও তরুণরা যেন সামাজিক অপরাধের শিকার না হয় এবং মাদক ও সাইবার আসক্তির কারণে সমাজ ও দেশের জন্য বোঝা হয়ে না ওঠে—সেই লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

