অদম্য জুলাই উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী জেলা পশ্চিম শাখার আয়োজনে তানোরে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলের দিকে মডেল মসজিদ থেকে র্যালীটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।
‘অদম্য জুলাই’ এর চেতনা ধারণ করে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন ও অর্জিত নতুন বাংলাদেশের স্বপ্নকে সমুন্নত রাখার প্রত্যয়ে ইসলামী ছাত্রশিবির রাজশাহী জেলা পশ্চিম শাখার সভাপতি মো. রেজলুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক জেলা সভাপতি মো. আব্দুল কাদির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মো. আতোয়ার রহমান, তানোর পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. মাহবুব চৌধুরী এবং সাবেক ছাত্রনেতা মো. জুয়েল উদ্দিন, জেলা শাখার ফাউন্ডেশন সম্পাদক মোহাম্মদ আহসান হাবিবের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই বিপ্লব ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শক্তির পতন ঘটে এবং দেশে ন্যায়বিচার ও সাম্যের নতুন দিগন্ত উন্মোচিত হয়। শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা ও গণতন্ত্রকে রক্ষা করতে দেশের তরুণ সমাজকে সর্বদা অদম্য ও সজাগ থাকতে হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, রাষ্ট্রে কোনো ধরনের বৈষম্য, দুর্নীতি, টেন্ডারবাজি ও স্বৈরাচারী মনোভাবের স্থান হতে দেওয়া যাবে না। জুলাইয়ের স্পিরিটকে কাজে লাগিয়ে একটি শোষণমুক্ত, ইনসাফপূর্ণ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীসহ দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
র্যালি ও সমাবেশে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এবং জামায়াতের বিভিন্ন পর্যায়েের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

