গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। এ ঘটনায় নিষিদ্ধ মাছ সংরক্ষণ ও বিক্রির অপরাধে এক আড়তদারকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার পৌর মাছ বাজারের মেসার্স মোল্লা মৎস্য আড়তে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করে।
নিষিদ্ধ মাছ সংরক্ষণের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাসুম বিল্লাহ আড়তদারকে ৬০ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাজান সিরাজ অপু উপস্থিত ছিলেন।
শাহাজান সিরাজ অপু বলেন, “দীর্ঘদিন ধরে কোটালীপাড়া পৌর মাছ বাজারের কয়েকটি আড়তে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি হচ্ছে বলে আমরা খবর পাচ্ছিলাম। গোপন সংবাদের ভিত্তিতে মেসার্স মোল্লা মৎস্য আড়তে অভিযান চালিয়ে ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছগুলো বাজারের পাশে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে।”
তিনি আরও বলেন, “নিষিদ্ধ পিরানহা মাছ সংরক্ষণের অপরাধে আড়তদারকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শিগগিরই এ মাছের চাষ হওয়া ঘেরগুলো শনাক্ত করে অভিযান পরিচালনা করা হবে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

