গাজীপুর মহানগরীর টঙ্গীতে জালনোট সদৃশ বিপুল পরিমাণ নোট, মাদক সেবনের সরঞ্জাম এবং দেশীয় অস্ত্র উদ্ধার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৬ জুলাই) টঙ্গী মিলগেট এলাকার ৫৫ নম্বর ওয়ার্ডের চুরি ফ্যাক্টরি মহল্লায় লাল মসজিদের পেছনের একটি বাড়িতে আকস্মিক অভিযান চালানো হয়। অভিযানে কামাল ও আমেনা বেগম দম্পতির দোতলা কক্ষ থেকে জালনোট সদৃশ বিপুল পরিমাণ নোট, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় কামালের ছেলে আলমসহ দুজনকে গ্রেফতার করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারের দিকনির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন।
পুলিশ জানায়, মহানগর এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের চিরুনি অভিযান ও নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

