চট্টগ্রামের বোয়ালখালীর ৫ নম্বর সারোয়াতলী ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা তারানুমা এলাহীকে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) চট্টগ্রাম জেলা প্রশাসনের জারি করা এক অফিস আদেশে তাঁকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাঁশখালী উপজেলার খানখানাবাদ (নতুন) ইউনিয়ন ভূমি অফিসে সংযুক্ত করা হয়েছে।
জেলা প্রশাসনের আদেশে বলা হয়েছে, তিনি নির্ধারিত সময়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। জনস্বার্থে এ বদলির আদেশ জারি করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে তারানুমা এলাহীর বিরুদ্ধে সারোয়াতলী ইউনিয়নের কঞ্জুরি নুরবক্স বাড়ি এলাকার বাসিন্দা মোছাম্মদ নূর বেগম একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি দাবি করেন, পৈতৃক সম্পত্তি সংক্রান্ত তদন্ত প্রতিবেদনে তাঁর অনুকূলে মতামত দেওয়ার আশ্বাস দিয়ে তারানুমা এলাহী ৮০ হাজার টাকা ঘুষ দাবি করেন। অভিযোগের সঙ্গে অডিও রেকর্ড, দলিল, ইউনিয়ন পরিষদের রায়, তদন্ত প্রতিবেদনসহ বিভিন্ন নথিও জমা দেওয়া হয়।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাইলে তারানুমা এলাহী সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। অন্যদিকে, বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতিমা এর আগে জানিয়েছিলেন, অভিযোগ ও অডিও রেকর্ড পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে জেলা প্রশাসনের সর্বশেষ বদলির আদেশে বদলির কারণ হিসেবে শুধু ‘জনস্বার্থ’ উল্লেখ করা হয়েছে। এ বদলির সঙ্গে পূর্বে উত্থাপিত ঘুষের অভিযোগের কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

