সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘কৃষক স্মার্ট কার্ড’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের মতো বাগেরহাটের মোরেলগঞ্জেও কৃষক ও কৃষিজমির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে উপজেলার প্রকৃত কৃষকদের একটি হালনাগাদ ডিজিটাল তথ্যভাণ্ডার গড়ে তোলা হবে।
দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় উপজেলা মোরেলগঞ্জে প্রায় ৭০ শতাংশ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষি ও মৎস্য খাতের সঙ্গে সম্পৃক্ত। ফলে কৃষকদের সঠিক তথ্য সংরক্ষণ ও তাদের সরকারি সেবার আওতায় আনতে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে কৃষকদের তথ্য সংগ্রহ করা হবে। এ সময় কৃষকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি), মোবাইল নম্বর, কৃষিজমির পরিমাণ, অবস্থানসহ প্রয়োজনীয় বিভিন্ন তথ্য নিবন্ধন করা হচ্ছে।
উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম জানান, খাওলিয়া ইউনিয়নের আমতলী ব্লকে আনুষ্ঠানিকভাবে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এ কাজে আটজন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাঠপর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে কৃষকদের তথ্য সংগ্রহ করছেন।
তিনি বলেন, এই তথ্যভাণ্ডার তৈরি হলে ভবিষ্যতে সরকারি কৃষি প্রণোদনা, কৃষিযন্ত্র বিতরণ, ভর্তুকি, উন্নত বীজ ও সার সরবরাহ, কৃষি প্রশিক্ষণসহ বিভিন্ন সেবা প্রকৃত কৃষকদের কাছে আরও দ্রুত, স্বচ্ছ ও সহজভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
তিনি আরও বলেন, "কৃষকদের সঠিক তথ্য প্রদান এবং নির্ধারিত সময়ে তথ্য সংগ্রহ কার্যক্রমে অংশগ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে প্রকৃত কৃষকদের সরকারি সহায়তা ও কৃষিসেবা নিশ্চিত করা সহজ হবে।"
এদিকে তথ্য সংগ্রহ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন বাগেরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক অপূর্ব লাল সরকার। তিনি মাঠপর্যায়ের কার্যক্রম ঘুরে দেখে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, কৃষক স্মার্ট কার্ড চালু হলে প্রকৃত কৃষকদের একটি নির্ভরযোগ্য ডিজিটাল ডাটাবেজ তৈরি হবে। এর মাধ্যমে সরকারি কৃষি সহায়তা ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হওয়ার পাশাপাশি কৃষকদের হয়রানি কমবে এবং সেবাপ্রাপ্তি আরও সহজ হবে।
তথ্য সংগ্রহ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা সমন্বিতভাবে কাজ করছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

