চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী-রাঙ্গিয়ারপোতা সড়কের আচামি এলাকার সেতুটি গত বছরের প্রবল বৃষ্টিপাতে ভেঙে পড়লেও এখনো পুনর্নির্মাণ বা সংস্কার করা হয়নি। ফলে স্থানীয়দের উদ্যোগে নির্মিত বাঁশের সাঁকোই এখন এলাকাবাসীর একমাত্র ভরসা।
ঝুঁকি নিয়ে প্রতিদিন পথচারীরা ওই সাঁকো দিয়ে চলাচল করছেন। বাঁশের সাঁকো দিয়ে কোনো রকমে সাইকেল, মোটরসাইকেল ও ভ্যান চলাচল করতে পারলেও বড় ও ভারী যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে অন্তত ৫ থেকে ৬টি গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের বর্ষা মৌসুমে টানা ভারী বৃষ্টিপাতে পাশের সিংনগর বাওড়ের বাঁধ ভেঙে যায়। পানির তীব্র স্রোতে আচামি এলাকার সেতুটি ধসে পড়ে। পরে স্থানীয় বাসিন্দারা বাঁশ ও খুঁটি দিয়ে অস্থায়ী একটি সাঁকো নির্মাণ করে চলাচলের ব্যবস্থা করেন। তবে প্রায় এক বছর পার হলেও সেতুটি সংস্কারে সরকারি কোনো উদ্যোগ চোখে পড়েনি।
সিংনগর গ্রামের বাসিন্দা শিবলু রহমান বলেন, “প্রায় এক বছর ধরে ঝুঁকি নিয়ে চলাচল করছি। কৃষিপণ্য আনা-নেওয়া, রোগী হাসপাতালে নেওয়া এবং সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও এখনো কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।”
রতিরামপুর গ্রামের পশু চিকিৎসক শাহাদাত হোসেন বলেন, “সেতুটি ভেঙে যাওয়ার পর অনেক রাজনৈতিক ব্যক্তি ও সরকারি কর্মকর্তা পরিদর্শন করেছেন। কিন্তু বাস্তবে কোনো কাজ হয়নি। তাই বাধ্য হয়ে এলাকার যুবসমাজের উদ্যোগে বাঁশ ও সিমেন্টের খুঁটি দিয়ে অস্থায়ী সাঁকো নির্মাণ করেছি।”
রাঙ্গিয়ারপোতা গ্রামের আব্দুল হাই বলেন, “এই সেতু ব্যবহার করেই এলাকার মানুষ মাঠের ফসল ঘরে আনে এবং বিভিন্ন গ্রামে যাতায়াত করে। সেতু ভেঙে যাওয়ায় এখন সেই সুযোগ নেই।”
স্থানীয়দের অভিযোগ, সেতুটি ভেঙে যাওয়ার কারণে অনেককে ১০ থেকে ১২ কিলোমিটার ঘুরে বিকল্প পথে যাতায়াত করতে হচ্ছে। চলতি বর্ষা মৌসুমে পানির স্রোতে বাঁশের সাঁকোটিও ভেঙে গেলে ৫ থেকে ৬টি গ্রামের মানুষ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে। তাই দ্রুত সেতুটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে জীবননগর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আল-আমিন বলেন, “সেতুটি পুনর্নির্মাণের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অন্তর্ভুক্তির লক্ষ্যে প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হবে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

