মাদারীপুরের কালকিনি উপজেলায় পারিবারিক কলহের জেরে জোবেদা বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী সুলতান সরদার (৬৪)-এর বিরুদ্ধে। শনিবার (১৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের আউলিয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সুলতান সরদারকে আটক করেছে। নিহত জোবেদা বেগম একই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে রাতের খাবার খেয়ে জোবেদা বেগম নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। পরে রাত আনুমানিক ৩টার দিকে পারিবারিক কলহের জেরে তাঁর স্বামী ধারালো দা দিয়ে তাঁর গলায় কোপ দেন বলে অভিযোগ রয়েছে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
খবর পেয়ে রোববার (১৯ জুলাই) সকালে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, “কী কারণে ওই বৃদ্ধাকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পেছনে অন্য কোনো কারণ বা রহস্য রয়েছে কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”
তিনি আরও জানান, ঘটনার পরপরই অভিযুক্ত সুলতান সরদারকে আটক করা হয়েছে এবং তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

