দীর্ঘ শিক্ষাজীবনের সফল সমাপ্তি উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জহির আলীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
এ উপলক্ষে শনিবার (১৮ জুলাই) সকাল ১০টায় বিদ্যালয়ের মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠান এবং ‘মো. জহির আলী সংবর্ধনাগ্রন্থ’-এর মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. দিদার চৌধুরী।
মো. জহির আলী সংবর্ধনা পরিষদের আহ্বায়ক ও কাকিয়াবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদ সিদ্দিকীর সভাপতিত্বে এবং শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী, ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. সঞ্জিত সেন রায়, বালাগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (ব্যবস্থাপনা) অবিনাশ আচার্য, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক দ্বীপেন্দ্র চন্দ্র ভট্টাচার্য, শ্রীমঙ্গল ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সালাহ উদ্দিন আহমেদ এবং সিলেট পাইলট স্কুলের শিক্ষক ও শিক্ষকনেতা মো. কবির আহমদ।
সংবর্ধিত ব্যক্তি মো. জহির আলী তাঁর বক্তব্যে দীর্ঘ কর্মজীবনের নানা স্মৃতিচারণ করেন এবং সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক, শিক্ষার্থী, শুভানুধ্যায়ী ও সুধীজন উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষা ক্ষেত্রে মো. জহির আলীর অবদান, সততা, নিষ্ঠা ও মানবিক নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মো. জহির আলীকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করা হয়। বিদায়ের আবেগঘন পরিবেশে উপস্থিত সবাই তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং অবসর-পরবর্তী জীবনের সার্বিক মঙ্গল কামনা করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

