AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
বন্যাদুর্গত মানুষের পাশে ৫৭ বিজিবি

আলীকদমে ত্রাণ বিতরণের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসাসেবা



আলীকদমে ত্রাণ বিতরণের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসাসেবা

বান্দরবানের আলীকদম উপজেলায় টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি দুর্গম এলাকায় মেডিকেল ক্যাম্প স্থাপন করে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছে আলীকদম ব্যাটালিয়ন। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে ব্যাটালিয়নের উদ্যোগে আলীকদম ও লামা উপজেলার বিভিন্ন দুর্গম এলাকায় ত্রাণ বিতরণ ও চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা হয়।

শনিবার (১৮ জুলাই) আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম রব্বানী, পিএসসি-এর সার্বিক দিকনির্দেশনায় ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর ডা. গোলাম ইসলাম, এএমসি-এর নেতৃত্বে আলীকদম উপজেলার দুর্গম ক্রাইক্ষ্যংপাড়া চেকপোস্ট এলাকায় একটি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। ক্যাম্পে বন্যাদুর্গত নারী, পুরুষ ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ এবং স্বাস্থ্যবিষয়ক পরামর্শ প্রদান করা হয়। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম এলাকায় চিকিৎসাসেবা পাওয়া অত্যন্ত কষ্টসাধ্য। এমন পরিস্থিতিতে বিজিবির এই মানবিক উদ্যোগ তাদের জন্য স্বস্তি ও আশার বার্তা হয়ে এসেছে।

৫৭ বিজিবি জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বাহিনীর মানবিক দায়িত্বের অংশ। সীমান্ত সুরক্ষার পাশাপাশি যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।

ত্রাণ ও চিকিৎসাসেবা কার্যক্রমে বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। মানবিক এই উদ্যোগে উপকৃত মানুষ বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!