ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি বলেছেন, “নজরুল কেবল আমাদের গর্ব নন, তিনি মুসলিম রেনেসাঁর এক অনন্য রূপকার।” তিনি বলেন, নজরুলের রচিত রণসংগীত ‘চল চল চল’ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পরিবেশিত হয়।
শনিবার (১৮ জুলাই) বেলা ১১টায় রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার বিপরীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ঘোষিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে নবনির্মিত ‘নজরুল ভিলেজ’-এর ফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ প্রতিষ্ঠার ফলে নজরুল গবেষণায় নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং স্থানীয় সাংস্কৃতিক চর্চা আরও বেগবান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, নজরুল ভিলেজের কাজ সম্পন্ন হওয়ার পর এর আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য তারেক রহমানকে রাজশাহীতে আনার উদ্যোগ নেওয়া হবে। এ সময় তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীসমাজ এবং সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে দোয়া ও মোনাজাত শেষে ‘নজরুল ভিলেজ’ চত্বরে একটি কৃষ্ণচূড়ার চারা রোপণ করেন মন্ত্রী।
অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পটির জন্য প্রাথমিকভাবে বিভিন্ন উৎস থেকে ২৫ লাখ টাকার একটি তহবিল সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ‘নজরুল মঞ্চ’ নির্মাণে ১০ থেকে ১২ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে।
আয়োজকেরা জানান, প্রস্তাবিত স্থানে কোনো বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে না। এটি সর্বসাধারণের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে। যে কোনো ব্যক্তি বা সংগঠন এখানে এসে নজরুলের নাটক, পালাগান এবং সাহিত্যের বিভিন্ন শাখার চর্চা করতে পারবেন।
এছাড়া নজরুলচর্চাকে একটি কাঠামোর মধ্যে আনতে ইতোমধ্যে একটি ‘নজরুল ক্যালেন্ডার’ ঘোষণা করা হয়েছে। এ ক্যালেন্ডার অনুযায়ী সারা বছর নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। আগামী মাসের নির্ধারিত অনুষ্ঠানগুলো যাতে এ প্রাঙ্গণেই আয়োজন করা যায়, সে লক্ষ্যে ‘নজরুল মঞ্চ’-এর কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজকেরা আরও জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, কবিতা ও গান নতুন প্রজন্মের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘নজরুল মঞ্চ’ ও ‘নজরুল কর্নার’ নির্মাণ করা হচ্ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

