বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁত শিল্পের অন্যতম প্রধান কেন্দ্র সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার’।
শনিবার (১৮ জুলাই) সিরাজগঞ্জ সদর উপজেলার মিরপুরে নবনির্মিত এ প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ তাঁত বোর্ড ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আধুনিক এ কেন্দ্রটি প্রতিষ্ঠা করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, এমপি। তিনি বলেন, “সিরাজগঞ্জের তাঁত শিল্প আমাদের জাতীয় ঐতিহ্যের এক অনন্য অংশ। এই প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার চালুর মাধ্যমে স্থানীয় তাঁতিরা আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে পারবেন, যা তাঁদের উৎপাদিত কাপড়ের মানোন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে সহায়ক হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম, এমপি। তিনি দেশের অর্থনীতিতে তাঁত শিল্পের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরে তাঁতিদের উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন।
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আমিনুল ইসলাম এবং পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মিরপুরে স্থাপিত এই প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের মূল লক্ষ্য হলো স্থানীয় তাঁতিদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক নকশা ও প্রযুক্তির ওপর প্রশিক্ষণ প্রদান এবং তাঁত শিল্পের আধুনিকায়ন নিশ্চিত করা। এর মাধ্যমে একদিকে যেমন প্রান্তিক তাঁতিদের জীবনমান উন্নত হবে, অন্যদিকে বিপুলসংখ্যক তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বাংলাদেশ তাঁত বোর্ডের প্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, তাঁতশিল্পী এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে আমন্ত্রিত অতিথিরা প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন অংশ পরিদর্শন করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

