নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) পৃথক দুটি অভিযান চালিয়ে মোট ১ হাজার ৮৭০টি নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে। তবে অভিযানের সময় চোরাকারবারিরা পালিয়ে যায়।
১৪ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৬ জুলাই রাত ৮টায় শীতলমাঠ বিওপির টহল কমান্ডার সুবেদার মো. সুলতান খানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৫৪ এমপি থেকে আনুমানিক ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিহাড়া বাজারের দক্ষিণ পাশে পাকা সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ৩৭০টি নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্য ধামইরহাট থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
অপরদিকে, গত ১৭ জুলাই কড়িয়া বিওপির টহল কমান্ডার নায়েক মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৭৯ এমপি থেকে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পারুল গ্রামের হাফিজিয়া মাদ্রাসার সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা রাতের আঁধারে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৫০০টি নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্য পাঁচবিবি থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজিবি জানায়, উদ্ধার করা মাদকদ্রব্যের মোট আনুমানিক সিজার মূল্য ৩ লাখ টাকা।
এদিকে, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্তীয় সব ধরনের অপরাধ দমনে সর্বাত্মক অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

