বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল্লাহ একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাশে বেঞ্চে বসে পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন। তাঁর এ ব্যতিক্রমী উদ্যোগ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
বুধবার (১৫ জুলাই) জেলা প্রশাসকের সঙ্গে উপজেলার ২৪৮ নম্বর রুপচাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে ইউএনও হাবিবুল্লাহকে কোমলমতি শিক্ষার্থীদের সারিতে তাদের সঙ্গে একই বেঞ্চে বসে থাকতে দেখা যায়। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং পাঠদানে তাদের মনোযোগও পর্যবেক্ষণ করেন।
ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক প্রশংসা কুড়ায়। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিষয়টি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে আলোচিত হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার কয়েকজন প্রধান শিক্ষক জানান, প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের সময় শিক্ষার্থীদের সঙ্গে ইউএনওর এমন আন্তরিক অংশগ্রহণ শিক্ষকদের জন্যও উৎসাহব্যঞ্জক। এতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে শিক্ষা কার্যক্রম নিয়ে আগ্রহ আরও বেড়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ বলেন, “প্রাথমিক বিদ্যালয় শিশুদের দ্বিতীয় পরিবার। তাই শিক্ষকদের শুধু পাঠদান নয়, শিশুদের মধ্যে সামাজিক মূল্যবোধ, পারস্পরিক সহমর্মিতা ও আত্মনির্ভরশীলতার চর্চা গড়ে তুলতে হবে। এ ধরনের উদ্যোগ তাদের বাস্তব জীবনের শিক্ষা ও ব্যক্তিত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

