ঠিক দুই বছর আগে বিয়ে করেছিলেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী সোহিনী সরকার। সংগীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বেঁধেছেন ঘর। সেই ঘরে এবার নতুন অতিথি আসতে চলেছে। হ্যাঁ, মা-বাবা হচ্ছেন তারা। বুধবার নিজেরাই সুখবরটি সামনে এনেছেন।
গুঞ্জনটা অবশ্য কদিন ধরে শোনা যাচ্ছিল টালিগঞ্জে। এবার তারাই পরিষ্কার করলেন। তিনটি যৌথ ছবি পোস্ট করেছেন তারা। তাতে দেখা গেল, সাদা রঙের কুর্তি, খোলা চুলে গোঁজা লাল রঙের ফুল; এই বেশে সোহিনী। ছবিতে তার স্পষ্ট বেবিবাম্প। অন্য দিকে, শোভনের পরনে আকাশি রঙের পাঞ্জাবি।
আদুরে ছবিগুলোর সঙ্গে তারকা দম্পতি লিখেছেন, ‘আমরা দুই থেকে তিনের পথে।’ ওই পোস্টে তাদের শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন ভক্ত, সতীর্থ ও শুভাকাঙ্ক্ষীরা। অভিনেত্রী অলিভিয়া সরকার লিখেছেন, ‘আমি আনন্দে চিৎকার করছি।
তোমাদের দুজনকেই অনেক ভালোবাসা।’ সুস্মিতা চট্টোপাধ্যায় লিখেছেন, ‘অনেক ভালবাসা, দিদি।’ এছাড়া মিমি চক্রবর্তী, শ্রীময়ী চট্টরাজ, ঋদ্ধিমা ঘোষ, অনিন্দিতা রায়চৌধুরীরাও শুভেচ্ছা জানিয়েছেন তাদের।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

