ভোলার বোরহানউদ্দিন উপজেলার উপশহর কুঞ্জেরহাটের আল-হিকমা রেসিডেন্সিয়াল মডেল মাদরাসা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটি থেকে প্রথমবারের মতো অংশ নেওয়া ৬ জন শিক্ষার্থীর মধ্যে ৫ জনই ট্যালেন্টপুল বৃত্তি লাভ করেছে।
প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফল গত ১২ জুলাই ২০২৬ প্রকাশিত হয়। এতে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা হলো— তাহমিনা আক্তার তামান্না, ওসমান গণি, জুমানা তাসনিম, আবদুল্লাহ আল আমান ও সোবহানা ইসলাম।
এ সাফল্যে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় শিক্ষা-সংশ্লিষ্টদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। তারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী জুমানা তাসনিমের মা মোসা. ফারিযা নূর বলেন, “আল-হিকমা রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার পড়াশোনার মান ও শিক্ষার পরিবেশ অত্যন্ত ভালো। আমি বিশ্বাস করি, গুণগত শিক্ষা ও ইসলামী নৈতিক মূল্যবোধের সমন্বয়ে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভবিষ্যতেও আরও সাফল্য অর্জন করবে।”
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. শাহীন জানান, একই বছর এবতেদায়ী বৃত্তি পরীক্ষা-২০২৫-এ প্রতিষ্ঠানটির ৭ জন শিক্ষার্থীর মধ্যে ১ জন ট্যালেন্টপুল এবং ৫ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে। এছাড়া অষ্টম শ্রেণির (মাদরাসা) বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া ৬ জন শিক্ষার্থীর মধ্যে ২ জন ট্যালেন্টপুল এবং ১ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।
তিনি বলেন, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এ ধারাবাহিক সাফল্য সম্ভব হয়েছে। আগামী দিনেও এ সাফল্যের ধারা অব্যাহত রাখতে তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

