পবিত্র কোরআন লিপিবদ্ধকরণ ও সংরক্ষণের প্রাচীন ইতিহাস সম্পর্কে দর্শনার্থীদের জানাতে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় প্রতিষ্ঠিত একটি বিশেষ জাদুঘর দিচ্ছে অনন্য ও শিক্ষণীয় অভিজ্ঞতা। কোরআনের সংকলন, লিখনশৈলী এবং সংরক্ষণের বিভিন্ন ঐতিহাসিক ধাপ সেখানে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হয়েছে।
মক্কার বিখ্যাত হেরা কালচারাল ডিস্ট্রিক্টে অবস্থিত দ্য হলি কোরআন মিউজিয়ামে রাসুলের যুগে কোরআন লেখার কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণের অবিকল প্রতিলিপি প্রদর্শন করা হচ্ছে।
ওহী অবতীর্ণ হওয়ার পর মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সাহাবীরা ঠিক কীভাবে এবং কী ধরনের সামগ্রী দিয়ে কোরআনের আয়াতগুলো লিপিবদ্ধ করেছিলেন, এই জাদুঘরে মূলত সেই দৃশ্যই ফুটিয়ে তোলা হয়েছে।
ইসলামের শুরুর যুগে যখন পবিত্র কোরআন গ্রন্থ আকারে সংকলিত হয়নি, তখন মহানবীর সাহাবীরা চামড়ার টুকরো, খেজুরের ডাল, কাঠ, পাথর এবং পশুর হাড়ের (যেমন কাঁধ ও পাঁজরের হাড়) ওপর কোরআনের বাণী লিখে রাখতেন।
হেরা কালচারাল ডিস্ট্রিক্টের এই জাদুঘরে সেই প্রাচীনকালের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী বা উপকরণের হুবহু প্রতিরূপ বা মডেল প্রদর্শন করা হচ্ছে।
প্রদর্শনীর পাশাপাশি আধুনিক ব্যাখ্যা সংবলিত ডিসপ্লে বোর্ড এবং ইন্টারঅ্যাক্টিভ প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছে এখানে।
কীভাবে এই সাধারণ প্রাকৃতিক উপকরণগুলো কোরআন সংরক্ষণের কাজে ব্যবহৃত হয়েছিল এবং মূল বাণীকে বিন্দুমাত্র পরিবর্তন না করে হুবহু টিকিয়ে রাখতে সাহাবীরা কেমন অক্লান্ত পরিশ্রম করেছিলেন, তা অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই প্রদর্শনীতে।
বর্তমানে হেরা কালচারাল ডিস্ট্রিক্টের অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠেছে এই জাদুঘর। আধুনিক ও সুসজ্জিত প্রদর্শনী হল এবং আকর্ষণীয় প্রযুক্তির সমন্বয়ে এটি গড়ে তোলা হয়েছে।
এখানে এসে দর্শনার্থীরা কোরআনের ইতিহাস, এর অন্তর্নিহিত জ্ঞান এবং পবিত্র গ্রন্থটি সংকলনের প্রতিটি ধাপ সম্পর্কে গভীর ও বাস্তবসম্মত ধারণা লাভ করতে পারছেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

