নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিবি পুলিশের পরিচয়ে সংঘটিত ডাকাতির ঘটনায় লুট হওয়া ৪৪ বস্তা চিনি উদ্ধার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে এবং ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোলাকান্দাইল এলাকায় অভিযান চালিয়ে রূপগঞ্জ থানা পুলিশ এসব চিনি উদ্ধার এবং তিন ডাকাতকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—ঢাকার কদমতলী এলাকার আবুল হাশেমের ছেলে সুমন, নরসিংদীর রায়পুরা উপজেলার মৃত শহিদুল ইসলামের ছেলে ওমর ফারুক এবং পটুয়াখালীর দুমকি উপজেলার মৃত মান্নান মিয়ার ছেলে শহীদ মীর।
পুলিশ জানায়, গত ২ জুলাই রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি সংঘবদ্ধ ডাকাত দল ৩২০ বস্তা চিনি বোঝাই একটি ট্রাকের গতিরোধ করে ডাকাতি করে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করে এবং জড়িতদের শনাক্তে অভিযান চালায়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ডাকাতির ঘটনায় লুট হওয়া ৪৪ বস্তা চিনি উদ্ধার, ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ এবং ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে ডাকাত চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার এবং লুট হওয়া অবশিষ্ট মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

