বান্দরবানের আলীকদম উপজেলায় মালিকবিহীন অবস্থায় পরিত্যক্ত একটি ট্রাক থেকে প্রায় ৯৮ ঘনফুট গোদা কাঠ জব্দ করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।
রোববার (১২ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) ও স্থানীয় বন বিভাগের যৌথ উদ্যোগে উপজেলার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে একটি পরিত্যক্ত ডাম্পার ট্রাক (চট্টগ্রাম মেট্রো-ল-৮৮) তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮২ টুকরা গোদা কাঠ উদ্ধার করা হয়। জব্দ করা কাঠের পরিমাণ প্রায় ৯৮ ঘনফুট বলে জানিয়েছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা কাঠ ও ট্রাক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লামা বন বিভাগের তৈন রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি বনজ সম্পদ পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

