AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মৌলভীবাজারে বন্যার পানিতে ভাসমান দুই মরদেহ উদ্ধার, নিখোঁজ ১



মৌলভীবাজারে বন্যার পানিতে ভাসমান দুই মরদেহ উদ্ধার, নিখোঁজ ১

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বন্যার পানিতে ভাসমান দুই মরদেহ উদ্ধার করেছে রাজনগর থানা পুলিশ ও স্থানীয়রা। এর মধ্যে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের পরিচয় মিললেও উজানের ঢলে ভেসে আসা অর্ধগলিত অজ্ঞাত এক নারীর (প্রায় ৪৫) পরিচয় শনিবার পর্যন্ত শনাক্ত করতে পারেনি পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার টেংরা ইউনিয়নের ভাঙারহাট-আকুয়া এলাকার রিং বাঁধের পাশ থেকে বন্যার পানিতে নিখোঁজ আশরাফ আলীর ভাসমান মরদেহ উদ্ধার করেন স্বজনরা। একই দিন বিকেলে ওই ইউনিয়নের একামধু এলাকা থেকে অর্ধগলিত অজ্ঞাত নারীর ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে রাজনগরের আকুয়া এলাকায় মনু নদীর বাঁধের একটি বড় অংশ আকস্মিকভাবে ভেঙে যায়। তীব্র স্রোতে লোকালয়ে পানি প্রবেশ করায় মুহূর্তের মধ্যেই তলিয়ে যায় বেশ কয়েকটি গ্রাম। ওই সময় বন্যার পানিতে আটকা পড়ে নিখোঁজ হন আকুয়া এলাকার বাসিন্দা আশরাফ আলী। শুক্রবার সকালে আকুয়া গ্রামে তাঁর মরদেহ ভেসে ওঠে। ধারণা করা হচ্ছে, রাতেই বন্যার পানিতে তলিয়ে তাঁর মৃত্যু হয়।

রাজনগর থানা পুলিশ জানায়, শুক্রবার বিকেলে একামধু এলাকায় বন্যার পানিতে ভেসে আসা অর্ধগলিত এক নারীর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর কবির সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। উদ্ধার হওয়া মরদেহটির শরীরের বিভিন্ন অংশ পচে গেছে। মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদ উদ্দিন ভূঁইয়া বলেন, অর্ধগলিত অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।

এদিকে কমলগঞ্জ উপজেলায় গরুর জন্য ঘাস কেটে বাড়ি ফেরার পথে ধলাই নদীতে ডুবে মাসুক মিয়া (৪৫) নামে এক কৃষক নিখোঁজ হয়েছেন। শনিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ মাসুক মিয়া উপজেলার মাধবপুর ইউনিয়নের হিরামতি এলাকার মৃত আজিজ মিয়ার ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সকাল ১০টার দিকে মাসুক মিয়া ও বলাই দাস (৩০) ধলাই নদীর ওপারে হকতিয়ারখোলা এলাকায় গরুর জন্য ঘাস কাটতে যান। ঘাস কাটা শেষে সকাল ১১টার দিকে ঘাসের বোঝা মাথায় নিয়ে সাঁতরে নদী পার হয়ে বাড়ি ফেরার চেষ্টা করেন। নদীতে তীব্র পানি ও প্রবল স্রোতের কারণে সাঁতার কাটার একপর্যায়ে স্রোতের টানে তলিয়ে যান মাসুক মিয়া। তবে তাঁর সঙ্গে থাকা বলাই দাস সাঁতরে নদীর পাড়ে উঠতে সক্ষম হন। নদীর পাড়ে থাকা লোকজন বিষয়টি দেখে চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে উদ্ধারের চেষ্টা চালান। কিন্তু ততক্ষণে মাসুক মিয়া তীব্র স্রোতে তলিয়ে নিখোঁজ হয়ে যান।

খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রাথমিক উদ্ধার অভিযান শুরু করে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ মাসুক মিয়ার কোনো সন্ধান পাওয়া যায়নি।

কমলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. ফারুকুল ইসলাম বলেন, নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের জন্য সিলেট থেকে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছালে বড় পরিসরে উদ্ধারকাজ শুরু হবে।

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা বলেন, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে তৎপরতা চালাচ্ছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করে সার্বিক পরিস্থিতির খোঁজখবর রাখছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!