রাজশাহীর পুঠিয়ায় মা-বাবা হারা ১২ বছরের এক শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে শাওন নামের এক যুবকের বিরুদ্ধে। উপজেলার জিউপাড়া ইউনিয়নে এই ঘটনা ঘটে।
মঙ্গলবার পুঠিয়া থানায় এই ঘটনায় ধর্ষণ মামলা করা হয়েছে। অভিযুক্ত শাওন জিউপাড়া ইউনিয়নের নগরপাড়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে।
ভুক্তভোগী শিশুর বরাত দিয়ে জানা গেছে, ভয়ভীতি দেখিয়ে ও জোরপূর্বক তাকে প্রথমবার ধর্ষণ করে শাওন। বিষয়টি কাউকে জানালে তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। শিশুটির সরলতার সুযোগ নিয়ে পরবর্তীতে তাকে একাধিকবার ধর্ষণ করেন ওই যুবক।
স্থানীয় বাসিন্দারা জানান, শিশুটির বয়স যখন মাত্র দুই বছর, তখন তার বাবা মারা যান। এরপর তার মা সন্তানের মায়া ত্যাগ করে অন্যত্রে বিয়ে করে চলে যান। তখন থেকেই শারীরিক প্রতিবন্ধী নানা-নানির সংসারে চরম অভাব-অনটনের মধ্য দিয়ে বড় হচ্ছিল শিশুটি। নুন আনতে পান্তা ফুরানো এই পরিবারটিতে ঠিকমতো দুবেলা খাবারই জোটে না, পড়াশোনা তো দূরের কথা।
এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালী পরিবারের সন্তান হওয়ায় শাওন এলাকায় দীর্ঘদিন ধরে নানা অপকর্ম করে আসছে। এর আগেও একাধিক নারীকে সে লাঞ্ছিত ও ধর্ষণ করেছে বলে অভিযোগ রয়েছে। কিন্তু প্রভাবশালীদের ভয়ে এতোদিন কেউ মুখ খোলার সাহস পায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। ভুক্তভোগী শিশুর জবানবন্দি গ্রহণ ও ডাক্তারি পরীক্ষার প্রক্রিয়া চলছে।
অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

