টানা বর্ষণ ও অতিবৃষ্টির কারণে সম্ভাব্য বন্যা ও পাহাড়ধ্বসের ঝুঁকি মোকাবিলায় রাঙামাটির বাঘাইছড়িতে ব্যাপক সচেতনতামূলক মাইকিং ও পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও বাঘাইছড়ি পৌরসভা।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আমেনা মারজান উপজেলার বিভিন্ন ঝুকিপূর্ণ এলাকা ও প্রধান সড়কে এ সচেতনতামূলক প্রচারণা চালান।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা নুর আলম, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তশ্রী শাহা, বাঘাইছড়ি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ভলেন্টিয়ার বাংলাদেশ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
মাইকিংয়ের মাধ্যমে জনগণকে পাহাড়ের পাদদেশ ও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে টানা বর্ষণ বা পাহাড়ধসের আশঙ্কা দেখা দিলে দেরি না করে নিকটস্থ সরকারি আশ্রয়কেন্দ্রে নিরাপদে সরে যাওয়ার অনুরোধ জানানো হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্ষাকালে যেকোনো ধরনের দুর্যোগ মোকাবিলায় প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে। জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

