AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যশোরে প্রথম ডেঙ্গু জ্বরে আক্রান্ত যুবকের মৃত্যু


Ekushey Sangbad
ইয়ানুর রহমান, যশোর
১২:৫৯ পিএম, ৭ জুলাই, ২০২৬

যশোরে প্রথম ডেঙ্গু জ্বরে আক্রান্ত যুবকের মৃত্যু

যশোরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সোহেল (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। চলতি বছরে জেলায় ডেঙ্গুতে এটিই প্রথম মৃত্যুর ঘটনা। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত সোহেল অভয়নগর উপজেলার নওয়াপাড়া মডেল কলেজ এলাকার সৌদি প্রবাসী জুয়েল হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১০ থেকে ১২ দিন ধরে তিনি জ্বর ও ডেঙ্গুর উপসর্গে ভুগছিলেন। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা নিলেও শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার (৪ জুলাই) দুপুরে তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করেন চিকিৎসকরা।

তবে স্বজনরা তাকে প্রথমে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। পরে সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলে পথেই তার মৃত্যু হয়।

যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা বলেন, সোহেল ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বর্তমান আবহাওয়া ও পরিবেশগত কারণে ডেঙ্গুর ঝুঁকি বেড়েছে। তাই জ্বর বা ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত। একই সঙ্গে এডিস মশার বিস্তার রোধে বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানান তিনি।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিমুর রাজিব জানান, সোহেল দীর্ঘদিন জ্বরে আক্রান্ত থাকলেও শুরুতে হাসপাতালে ভর্তি হননি। পরে অবস্থার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে ঢাকায় রেফার করা হলেও স্বজনরা খুলনায় নিয়ে যান। পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ১৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন এবং বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন ভর্তি আছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে শনিবার পর্যন্ত যশোর জেলায় মোট ১৬২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১৪৪ জন সুস্থ হয়েছেন এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে রেফার করা হয়েছে।

তবে অভয়নগর উপজেলা থেকে প্রতিবেদন দেরিতে পৌঁছানোর কারণে সর্বশেষ সরকারি প্রতিবেদনে সোহেলের মৃত্যুর তথ্য অন্তর্ভুক্ত হয়নি।

সিভিল সার্জন ডা. মাসুদ রানা বলেন, “অভয়নগরে ডেঙ্গুতে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। বিষয়টি সরকারি প্রতিবেদনে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!