পরিবার পরিকল্পনা, গ্রাম আদালতের কার্যক্রম, পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ, মাদকবিরোধী সচেতনতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলার বক্তারপুর ইউনিয়নের বেরুয়া ঈদগাহ মাঠে উপজেলা প্রশাসন ও বক্তারপুর ইউনিয়ন পরিষদের যৌথ আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুর রহমান আখন্দ (ফারুক)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. কামরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক আবু তাহের মো. সানাউল্লাহ নূরী এবং কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন।
এসময় উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসনে আকাশ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, শিক্ষক, যুব প্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় নারী-পুরুষ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ ও সমৃদ্ধ পরিবার গঠনে পরিবার পরিকল্পনার কার্যকর বাস্তবায়নের বিকল্প নেই। স্থানীয় বিরোধ দ্রুত ও সহজভাবে নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা গুরুত্বপূর্ণ। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণ, বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ এবং মাদকের ভয়াবহতা মোকাবিলায় সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং বিভিন্ন ইতিবাচক সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করার বিকল্প নেই।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

