‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিআরডিবি, গলাচিপা, পটুয়াখালী এর আয়োজনে র্যালি, আলোচনা সভা, বিআরডিবি সদস্যদের মাঝে ঋণ বিতরণ, বেইজ বিল্ড ডিজিটাল মাধ্যমিক বিদ্যালয় ও বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা পুরস্কার ও ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনের হল রুমে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. বাবুল গাজীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক।
বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক এমপি’র পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের প্রতিনিধি মো. আবু নাঈম, উপজেলা নির্বাচন অফিসার মো. সগীর হোসেন, গলাচিপা থানার প্রতিনিধি এসআই সোহান আহমেদ, উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মো. হাফিজুর রহমান, উপজেলা জামায়াতের সভাপতি অধ্যক্ষ মো. আবদুল জব্বার খান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আশ্রাফুজ্জামান, মো. মনিরুজ্জামান নেছার রাড়ী প্রমুখ। এছাড়াও সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ, পল্লী উন্নয়ন কর্মকর্তা-কর্মচারীগণ সভায় উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরষ্কার ও ফলদ গাছের চারা বিতরণ এবং ২৩ জন বিআরডিবি সদস্যদের মাঝে ১৮ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

