পর্তুগালে সড়ক দুর্ঘটনায় সিলেটের ওসমানীনগর উপজেলার এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. শামসুল ইসলাম কামরান (২৫)। তিনি উপজেলার দয়ামীর ইউনিয়নের বাসিন্দা এবং মৃত মুতলিব আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ৯টার পর পর্তুগালের সেতুবাল জেলার আলমেদা এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন কামরান। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় আলমেদা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেল সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।
কামরানের মৃত্যুর খবরে আলমেদাসহ পর্তুগালে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যরা পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় আইনি ও আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্নের উদ্যোগ নিয়েছেন।
পরিবারের সদস্যরা জানান, চলতি বছর দেশে এসে বিয়ে করেছিলেন কামরান। বিয়ের মাত্র তিন মাস পর তিনি আবার কর্মস্থল পর্তুগালে ফিরে যান। এর অল্প সময়ের মধ্যেই সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।
প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে দ্রুত তাঁর মরদেহ দেশে এনে দাফনের ব্যবস্থা করা হবে বলে আশা করছে পরিবার।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

