জীবন বাঁচাতে যে প্রাকৃতিক সম্পদ অপরিহার্য, সেই গ্যাসই এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নবকলস এলাকার বাসিন্দাদের জন্য।
পাইপলাইনের লিকেজ দিয়ে টানা প্রায় ৬০ দিন ধরে অবিরত গ্যাস বেরিয়ে যাচ্ছে, অথচ কর্তৃপক্ষের নেই কোনো মাথাব্যথা। এই অবহেলায় একদিকে যেমন মূল্যবান সম্পদের অপচয় হচ্ছে, অন্যদিকে বড় ধরনের বিস্ফোরণ বা দুর্ঘটনার আশঙ্কায় প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের।
শুক্রবার (৩ জুলাই, ২০২৬) সরেজমিনে গিয়ে দেখা যায়, নবকলস এলাকার জনগুরুত্বপূর্ণ সড়ক ও আবাসিক এলাকার পাশ দিয়ে যাওয়া বাখরাবাদ গ্যাসের একটি পাইপলাইন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাইপটির একটি অংশ পানির নিচে থাকায় সেখান থেকে অবিরত বুদবুদ আকারে গ্যাস নির্গত হচ্ছে, যা স্পষ্টভাবে দৃশ্যমান।
স্থানীয়রা জানান, পাইপলাইনটির এই করুণ দশা প্রায় দুই মাস ধরে। বিশেষ করে ওই সড়কের কয়েক গজের মধ্যেই মতলব সরকারি কলেজ অবস্থিত। প্রতিদিন শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ওই পথ দিয়ে চলাচল করছে। যেকোনো মুহূর্তে ছোট একটি স্ফুলিঙ্গ বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন।
এলাকাবাসী রাসেল প্রধান ক্ষোভ প্রকাশ করে বলেন, "প্রায় দুই মাস ধরে গ্যাস বেরিয়ে যাচ্ছে। পানির নিচে বুদবুদ করে যে গ্যাস বের হচ্ছে, তা যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানানোর পরও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।"
এ বিষয়ে যোগাযোগ করা হলে চাঁদপুর বাখরাবাদ গ্যাস আঞ্চলিক বিতরণ কার্যালয়ের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মীর ফজলে রাব্বি জানান, ঘটনাটি সম্পর্কে তিনি আগে অবগত ছিলেন না। তবে শুক্রবার তিনি বিষয়টি জানার পর দ্রুত সময়ের মধ্যে পাইপলাইন মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
এখন দেখার বিষয়, কর্তৃপক্ষ কত দ্রুত এই ঝুঁকি নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। এলাকাবাসী বলছেন, কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটার আগেই যেন দ্রুত লাইনটি মেরামত করে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা হয়।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

