সরকারি বরাদ্ধে কেনা বাইসাইকেল নাতনিকে উপহার দেয়ার অভিযোগ উঠেছে জামায়াত নেতা মাওলানা তাজুল ইসলামের বিরুদ্ধে। ওই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। অবশেষে বুধবার দুপুরে কোটচাঁদপুর নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সাইকেলটি হস্তান্তর করেন তিনি।
জানা যায়, বাংলাদেশ বার্ষিক উন্নয়ন কর্মসুচীর (এডিবি) আওতায় ২০২৫-২৬ অর্থ বছরের সরকারি বরাদ্ধ দিয়ে কেনা বাইসাইকেল, ছাগল, স্প্রে মেশিন, সেলাই মেশিন, ফুটবল ও হুইল চেয়ার গেল বুধবার (২৪-০৬-২৬) মানুষের মাঝে বিতরন করেন সংশ্লিষ্টরা।
এরমধ্যে বাইসাইকেল ছিল ২৪ টি। বিতরনকৃত ওই সব বাইসাইকেলের মধ্যে একটি বাইসাইকেল উপজেলা জামায়াতের আমির মাওলানা তাজুল ইসলাম এক মাদ্রাসার ছাত্র সাইমুনের নামে সাইকেলটি বরাদ্ধ দেখান। এরপর বাইসাইকেলটি নিজে স্বাক্ষর করে তুলে নেন। পরে সেই সাইকেলটি নাতিকে উপহার দেন বলে অভিযোগ উঠে।
তারপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেই স্বাক্ষরের ভিডিও ভাইরাল হয়ে যায়। এরপর থেকে আলোচনা সমালোচনার ঝড় উঠে অনলাইন অফলাইনে। বিষয়টি নজরে আসে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমানের। পরে সংসদ সদস্যের নির্দেশে বুধবার দুপুরে সেই বাইসাইকেলটি উপজেলা নির্বাহী অফিসে ফেরত দেন জামায়াত নেতা মাওলানা তাজুল ইসলাম। তিনি কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন।
এদিকে জামায়াত নেতার অন্যের নামে বাইসাইকেল বরাদ্ধ নেয়ার ঘটনা ভাইরাল হওয়ার পর,প্রশ্ন উঠেছে ২০২৫-২৬ অর্থ বছরের বাংলাদেশ বার্ষিক উন্নয়ন কর্মসুচীর (এডিবি) আওতায় অন্যান্য কর্মসুচী নিয়েও।তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন সচেতন মহল।
এ ব্যাপারে তিনি বলেন, সাইকেলটি তাঁর প্রতিবেশী এক ছেলেকে দেওয়া হয়েছিল। এর পরক্ষণেই বক্তব্য বদলে তিনি বলেন, তাঁর ছেলে বেকার এবং আর্থিক সংকটে থাকায় সাইকেলটি তাঁর পুতনি মারিয়াকে দেওয়া হয়েছে বলে স্বীকার করেন।
কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "সাইকেল বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছিল। পরে স্থানীয় সংসদ সদস্যের পরামর্শক্রমে সাইকেলটি ফেরত আনা হয়েছে। এরপর সাইকেলটি নতুন করে প্রকৃত উপকারভোগী সুমাইয়া খাতুন নামের একটি মেয়েকে সাইকেলটি দেয়া হয়েছে।
তিনি বলেন, বাইসাইকেল ছাড়াও অন্যান্য উপকরণ (যেমন: সেলাই মেশিন, ছাগল, স্প্রে মেশিন ইত্যাদি) বিতরণে আর কোনো অনিয়ম হয়েছে কিনা, তা খতিয়ে দেখতে সুষ্ঠু তদন্ত চালানো হচ্ছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

