নারায়ণগঞ্জের বন্দরে র্যাব-১১-এর মাদকবিরোধী অভিযানে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ চারজন কথিত মাদক কারবারিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মো. নাঈম উল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকার রাফি ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। এ সময় হানিফ পরিবহনের একটি বাসে যাত্রীবেশে থাকা চারজনকে তল্লাশি করে তাঁদের কাছ থেকে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— মো. রুবেল (৩০), তাঁর স্ত্রী মোছা. হীরামনি (২৬), কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পূর্ব ডুমখালী এলাকার বাসিন্দা এবং নুরুল ইসলাম (২১) ও তাঁর স্ত্রী ফাহিমা জান্নাত (২০), কক্সবাজার জেলার ঈদগাঁও থানার পূর্ব গজালিয়া এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবার বড় চালান সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

