রাজশাহীর গোদাগাড়ীকে মাদকমুক্ত করতে সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি।
মঙ্গলবার (৩০ জুন) সকাল ৯টায় গোদাগাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে গোদাগাড়ী মডেল থানার আয়োজনে এক বিশেষ মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজশাহীর উপপরিচালক মেহেদী হাসান, গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন গোদাগাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মীর্জা মো. আব্দুস ছালাম এবং গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।
অনুষ্ঠানে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন রাজশাহী জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেক, শিক্ষক ফেডারেশনের সভাপতি ড. ওবায়দুল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, গোদাগাড়ী পৌর যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বিপ্লব এবং ডাইংপাড়া বণিক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিলন।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেন, “তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে গোদাগাড়ীকে যেকোনো মূল্যে মাদকমুক্ত করতে হবে। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও এ লড়াইয়ে শামিল হতে হবে।”
সভাপতির বক্তব্যে ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে প্রতিটি পাড়া-মহল্লায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।”
বক্তারা গোদাগাড়ী উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে প্রশাসন, রাজনৈতিক দল, ব্যবসায়ী সমাজ ও সুশীল সমাজের সম্মিলিত উদ্যোগের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সভা শেষে উপস্থিত সবাই গোদাগাড়ীকে একটি আদর্শ ও মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার শপথ নেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

