দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় গলায় ফাঁস দিয়ে হাদিদ আলবাব স্মরণ (২২) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন। পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের ওপর চাপ সৃষ্টি করতেন।
শনিবার (২৭ জুন) দুপুর আনুমানিক আড়াইটার দিকে উপজেলার মন্মথপুর ইউনিয়নের ভবের বাজার এলাকার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হাদিদ আলবাব স্মরণ ওই গ্রামের মাসুদ ফরহাদ পাপন আলীর ছেলে। তিনি দিনাজপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, হাদিদ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার টাকার জন্য তিনি প্রায়ই পরিবারের সদস্যদের কাছে টাকা চাইতেন। টাকা না পেলে নিজের শরীরে আঘাত করে রক্তাক্ত করতেন এবং বাড়ির বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করতেন।
শনিবার সকালে তিনি নেশার টাকার জন্য পরিবারের সদস্যদের ওপর চাপ সৃষ্টি করেন। টাকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে বাড়িতে ভাঙচুর চালিয়ে নিজের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। দীর্ঘ সময় দরজা না খোলায় পরিবারের সদস্যদের সন্দেহ হলে তারা দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। পরে সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পার্বতীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

