ঝিনাইদহের কোটচাঁদপুরে ইয়াবা লেনদেনের অভিযোগে এক মাদক কারবারি ও এক ক্রেতাকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) রাতে কোটচাঁদপুর বাসস্ট্যান্ড এলাকার গোল্ডেন লাইন পরিবহনের কাউন্টার থেকে তাদের আটক করা হয়। শুক্রবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
আটকরা হলেন কোটচাঁদপুর পৌর এলাকার বাসস্ট্যান্ড পূর্বপাড়ার মোশারফ হোসেনের ছেলে ইমরান সিদ্দিকী এবং গুড়পাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে মোহাম্মদ ইব্রাহিম হোসেন (২৬)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) অমিত কুমার সাহার নেতৃত্বে একদল পুলিশ গোল্ডেন লাইন পরিবহনের কাউন্টারে অভিযান চালায়। অভিযানের সময় ইমরান সিদ্দিকীর কাছে ইয়াবা বিক্রি করতে আসেন মোহাম্মদ ইব্রাহিম হোসেন। পরে তাদের দুজনকে আটক করে তল্লাশি চালিয়ে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় কোটচাঁদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) অমিত কুমার সাহা বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

