রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বড়ইকুঁড়ি এলাকায় পারিবারিক বিরোধের জেরে ‘ম্যাংগো লাভার’ নামে একটি অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে নওহাটা কলেজ মোড়ে ওয়ালটন শোরুমের চতুর্থ তলায় অবস্থিত কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় প্রতিষ্ঠানের দুই কর্মচারী সাকিব ও তামিম গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। স্বজনদের দাবি, হামলায় তাঁদের হাত-পায়ে গুরুতর আঘাত লেগেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাসেল ও আশিক নামে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার রাতে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে ‘ম্যাংগো লাভার’-এর কার্যালয়ে হামলা চালায়। এ সময় কার্যালয়ের সিসিটিভি ক্যামেরা, কম্পিউটার, আসবাবপত্র ও অন্যান্য মালামাল ভাঙচুর করা হয়।
অভিযোগ রয়েছে, হামলার সময় অফিসে কর্মরত সাকিব ও তামিম বাধা দিলে হামলাকারীরা তাঁদের লাঠিসোঁটা ও লোহার রড দিয়ে মারধর করে। এতে দুজনই গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয়রা পারিবারিক বিরোধের জেরে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও নিরীহ কর্মচারীদের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
খবর পেয়ে পবা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। ভুক্তভোগী পক্ষ মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

