গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দেরিতে বিদ্যালয়ে উপস্থিতি, শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে দুর্বলতা, পাঠদান প্রক্রিয়া ও শিক্ষার পরিবেশ ব্যাহত হওয়া, কর্তৃপক্ষের অবহেলা, অব্যবস্থাপনা এবং প্রশাসনিক তদারকির ঘাটতিসহ বিভিন্ন অনিয়ম নিয়ে গত ৯ জুন একুশে সংবাদ অনলাইন পোর্টালে ‘কালীগঞ্জের প্রাথমিক শিক্ষার বেহাল দশা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পর উপজেলা প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে।
এরই ধারাবাহিকতায় উপজেলার ১২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংশ্লিষ্টদের নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের সক্ষমতা ও গুণগত মান উন্নয়নের লক্ষ্যে ‘Workshop on Sustainable Campus Initiative (SCI)’ শীর্ষক একটি কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষকরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে বিদ্যালয়ের সমস্যা, সম্ভাবনা ও প্রতিকার বিষয়ে লিখিত মতামত উপস্থাপন করেন এবং প্রেজেন্টেশনের মাধ্যমে তা তুলে ধরেন।
বৃহস্পতিবার (২৫ জুন) দিনব্যাপী উপজেলার নাগরী ইউনিয়নের মেঘবাড়ী রিসোর্টে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. শেখ তাহমিনা আউয়াল।
প্রধান বক্তা হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. টি. এম. কামরুল ইসলাম।
বিশেষ প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক জুবায়ের আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সারোয়ার লিমা, উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, উপজেলা বিএনপির সদস্যসচিব খালেকুজ্জামান বাবলু, প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

