রাজবাড়ীর পাংশা উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে জামির বিশ্বাস (৪৫) নিহত হওয়ার ঘটনায় ৪৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও প্রায় ৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২৪ জুন) রাতে নিহত জামির বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাস বাদী হয়ে পাংশা মডেল থানায় মামলাটি দায়ের করেন।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষে নিহতের ঘটনায় ৪৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (২১ জুন) সকালে পাংশা উপজেলার দুটি গ্রামের বাসিন্দাদের মধ্যে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে কয়েকজন আহত হন।
আহতদের মধ্যে জামির বিশ্বাস গুরুতর আহত হলে তাকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
জামির বিশ্বাসের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে শতাধিক বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

