বরিশালের উজিরপুর পৌরসভায় জমিজমা-সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে সংঘটিত হামলার ঘটনায় দায়ের করা মামলার মূলহোতাসহ তিন আসামিকে গ্রেফতার করেছে উজিরপুর মডেল থানা পুলিশ। বুধবার (২৪ জুন) ভোর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার পরমানন্দশাহ এলাকার জাকির হাওলাদারের ছেলে রাজু হাওলাদার (৩০) ও কবির হাওলাদার (৩৫), এবং একই এলাকার মৃত ইসাহাক হাওলাদারের ছেলে হান্নান হাওলাদার (৫০)।
থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৮ জুন রাত সাড়ে ৮টার দিকে উজিরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পরমানন্দশাহ এলাকায় রাজু হাওলাদারের দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে। জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে অভিযুক্তরা দেশীয় অস্ত্র, লাঠিসোটা ও লোহার রড নিয়ে স্থানীয় বাসিন্দা সোহরাব বেপারীর পথরোধ করে। একপর্যায়ে তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করা হয়।
এ সময় বাবার চিৎকার শুনে ছেলে আল আমিন বেপারী এগিয়ে এলে তার ওপরও লোহার রড দিয়ে হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। হামলার সময় সোহরাব বেপারীর পকেট থেকে ১১ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। পরে পরিবারের নারী সদস্যরা এগিয়ে এলে তাদেরও মারধর ও শ্লীলতাহানির অভিযোগ ওঠে।
স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনার পর ভুক্তভোগী পরিবারের সদস্য ছাব্বির বেপারী বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত তিন আসামিকে গ্রেফতার করে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, “অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তৎপরতা শুরু করে। ঘটনার সঙ্গে জড়িত প্রধান তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলার অবনতি ঘটায় এমন যেকোনো অপরাধের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।”
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

