দেশব্যাপী সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে ওয়ালটন প্লাজার উদ্যোগে সারাদেশে একযোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার গাইবান্ধার সুন্দরগঞ্জে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরামর্শ ও প্রাথমিক ওষুধ বিতরণ করা হয়।
সুন্দরগঞ্জ ওয়ালটন প্লাজা প্রাঙ্গণে আয়োজিত মেডিকেল ক্যাম্পের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওয়ালটন প্লাজার ম্যানেজার মো. হায়দার আলী।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ বাজার মালিক সমিতির সভাপতি মো. মিজানুর রহমান, সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল মান্নান আকন্দ, সততা ক্লিনিকের পরিচালক মো. মোজাফফর হোসেন, ব্যবসায়ী মো. ছামিউল ইসলাম, সাংবাদিক মো. হযরত বেল্লালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভার আগে অতিথিরা ফিতা কেটে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। এ সময় বক্তারা বলেন, সাধারণ ও নিম্ন আয়ের মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার এবং এ ধরনের উদ্যোগ জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. মোন্তাছেরা শুহুতা মিথুন। তিনি রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেন। পাশাপাশি আগত রোগীদের মাঝে বিনামূল্যে প্রাথমিক ওষুধ বিতরণ করা হয়।
ক্যাম্পে নারী, পুরুষ, শিশু ও বয়স্কসহ বিভিন্ন বয়সী বিপুলসংখ্যক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে সেবাগ্রহীতারা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, চিকিৎসা ব্যয় বৃদ্ধি পাওয়ায় অনেকেই প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিতে হিমশিম খাচ্ছেন। এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের জন্য অত্যন্ত সহায়ক ও প্রশংসনীয়।
ওয়ালটন প্লাজার ম্যানেজার মো. হায়দার আলী জানান, ওয়ালটন প্লাজা শুধু ব্যবসায়িক কার্যক্রমেই সীমাবদ্ধ নয়, বরং সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও নিয়মিত ভূমিকা রেখে আসছে। এরই অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে একযোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে আয়োজকদের পক্ষ থেকে অতিথি, চিকিৎসক এবং সহযোগী প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
স্থানীয়দের মতে, সুন্দরগঞ্জে ওয়ালটন প্লাজার এই ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

