জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মাদকবিরোধী র্যালি ও সমাবেশ করেছে বিএনপি। বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে বালিজুড়ী বাজারে বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেলসহ স্থানীয় নেতারা।
র্যালি ও সমাবেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের চার শতাধিক নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি প্রশাসনকেও কার্যকর ভূমিকা পালন করতে হবে। তারা মাদকমুক্ত সমাজ গঠনে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

