চাঁপাইনবাবগঞ্জ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত নিউ মার্কেটের দ্বিতীয় তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে নিউ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ‘রাজশাহী স্টোর’ থেকে হঠাৎ ঘন ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের আরও তিন থেকে চারটি কাপড়ের দোকানে ছড়িয়ে পড়ে। এতে ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। পরে শিবগঞ্জ থেকে দুটি এবং নাচোল থেকে একটি ইউনিট যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সহায়তায় দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সাঈদ হাসান শুভ বলেন, খবর পাওয়ার পরপরই আমাদের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে ডাম্পিং কার্যক্রম চলছে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শেখ মোহাম্মদ মাহবুবুল ইসলাম জানান, সকাল ৮টা ২৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। প্রথমে তিনটি ইউনিট কাজ শুরু করে। পরে শিবগঞ্জ ও নাচোল থেকে আরও তিনটি ইউনিট যোগ দেয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং বেলা সাড়ে ১১টার দিকে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়া হয়।
তিনি আরও জানান, আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

