মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় শিক্ষা উপকরণ মেলা, আলোচনা সভা ও একাডেমিক এক্সিলেন্স পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) উপজেলার ষোলঘর অক্ষয় কুমার শশী কুমার সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্ল্যাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবুর রহমান। সঞ্চালনা করেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান খান।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম রব্বানী সোহেল, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল মিঞা, একাডেমিক সুপারভাইজার প্রদীপ চন্দ্র সাহা এবং ষোলঘর অক্ষয় কুমার শশী কুমার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম তৌহিদুর রহমান।
দিনব্যাপী এ মেলায় উপজেলার ১৪টি ইউনিয়নের ১৪টি মাধ্যমিক ও ১৪টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা এবং প্রযুক্তিনির্ভর বিভিন্ন মডেল প্রদর্শন করে। শিক্ষার্থীদের সৃজনশীলতা, প্রযুক্তিজ্ঞান ও উদ্ভাবনী চিন্তার বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দেন অতিথিরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় আরও দক্ষ হতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণামুখী কর্মকাণ্ডে অংশগ্রহণে উৎসাহিত করেন।
তিনি আরও জানান, পর্যায়ক্রমে মুন্সিগঞ্জের ছয়টি উপজেলায় এ ধরনের মেলার আয়োজন করা হবে। সেখান থেকে নির্বাচিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের নিয়ে জেলা পর্যায়ে প্রতিযোগিতার আয়োজন করা হবে এবং তাদের পুরস্কৃত করা হবে।
অনুষ্ঠানে একাডেমিক এক্সিলেন্স পুরস্কার অর্জন করে প্রাথমিক স্তরে দক্ষিণ মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক স্তরে শ্রীনগর সুফিয়া এ হাই খান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
শিক্ষা উপকরণ মেলায় প্রাথমিক স্তরে প্রথম স্থান অর্জন করে বেলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দ্বিতীয় স্থান পায় বাঘড়া ৩ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করে ষোলঘর ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অন্যদিকে মাধ্যমিক স্তরে প্রথম স্থান অর্জন করে ষোলঘর অক্ষয় কুমার শশী কুমার সরকারি উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান লাভ করে কুকুটিয়া কমলাকান্ত উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করে ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল অ্যান্ড কলেজ।
পরে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিরা। এছাড়া জেলা প্রশাসক কয়েকজন শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ বিতরণ করেন এবং বিদ্যালয় প্রাঙ্গণে একটি বকুলগাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

