AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অবহেলিত পাহাড়ি জনপদে মানবতার আলো ছড়াচ্ছেন সমাজসেবক লায়ন সাইফুদ্দিন জালালি



অবহেলিত পাহাড়ি জনপদে মানবতার আলো ছড়াচ্ছেন সমাজসেবক লায়ন সাইফুদ্দিন জালালি

পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও অবহেলিত জনপদ বান্দরবানের আলীকদম ও লামা উপজেলার দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দীর্ঘ ১৮ বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন চট্টগ্রামের মেহেদীবাগ এলাকার বিশিষ্ট সমাজসেবক ও মানবহিতৈষী ব্যক্তিত্ব লায়ন সাইফুদ্দিন জালালি। তাঁর উদ্যোগ, দিকনির্দেশনা ও অর্থায়নে পরিচালিত বিভিন্ন মানবিক কার্যক্রমের মাধ্যমে হাজারো মানুষ স্বাস্থ্যসেবা, শিক্ষা সহায়তা, বিশুদ্ধ পানি, খাদ্য ও আর্থিক সহায়তাসহ নানা ধরনের সুবিধা পাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ পর্যন্ত ছয়টি বিনামূল্যের মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে। পাশাপাশি ছানি ও অন্যান্য চক্ষুরোগে আক্রান্ত ৩৫০ জন দরিদ্র রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়েছে, যার ফলে তারা পুনরায় দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন।

শিক্ষার প্রসারে আলীকদম ও লামা উপজেলার ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া ১০টি এতিমখানায় নিয়মিত খাদ্যসামগ্রী সরবরাহ করা হচ্ছে। পবিত্র রমজান মাসে ইফতার বিতরণ, দরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরণ এবং পাহাড়ি নারীদের জন্য থামি বিতরণ কর্মসূচিও অব্যাহত রয়েছে।

শীতপ্রবণ পাহাড়ি অঞ্চলের মানুষের কষ্ট লাঘবে এ পর্যন্ত প্রায় ২০ হাজার কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, এ কার্যক্রম এখনও চলমান রয়েছে।

বিশুদ্ধ পানির সংকট নিরসনে আলীকদম ও লামার বিভিন্ন এলাকায় ৬৯টি রিংওয়েল স্থাপন করা হয়েছে। পাশাপাশি পুরনো ৫৫টি রিংওয়েলের সংস্কারকাজও চলমান রয়েছে। পানিবাহিত রোগ প্রতিরোধে বিশুদ্ধ পানি পরিশোধন ট্যাবলেট ও ওরস্যালাইন বিতরণ করা হচ্ছে।

নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ৭৫টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এছাড়া ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক উদ্যোগ হিসেবে ৫৭০ জন শিশুর সুন্নতে খতনা সম্পন্ন করা হয়েছে।

সম্প্রতি রেপারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি নতুন রিংওয়েল স্থাপন করা হলে স্থানীয়দের মাঝে ব্যাপক সন্তোষ দেখা যায়। স্থানীয় বাসিন্দা আবুল হাসেম বলেন, “এই রিংওয়েলের মাধ্যমে এখন প্রতিদিন অসংখ্য মানুষ বিশুদ্ধ পানি সংগ্রহ করতে পারছে। এতে আমাদের দীর্ঘদিনের পানির কষ্ট অনেকটাই দূর হয়েছে।”

একইভাবে বাঘের ঝিরি মসজিদ সংলগ্ন এলাকায় ৪৫টি পরিবারের জন্য স্থাপিত নতুন রিংওয়েলকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা আবদুল কুদ্দুস বলেন, “বিশুদ্ধ পানির অভাবে আমরা দীর্ঘদিন ভোগান্তিতে ছিলাম। এখন পানির কষ্ট অনেকটাই লাঘব হয়েছে।”

অন্যদিকে, অসহায় নারী জুহুরা বেগমকে একটি সেলাই মেশিন প্রদান করা হলে তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, “এখন আমি নিজে কাজ করে পরিবারের আয়-রোজগারে সহায়তা করতে পারব। এটি আমার জীবনে বড় সহায়তা হিসেবে এসেছে।”

যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহী করতে নিয়মিত ক্রীড়া সামগ্রী বিতরণ করা হচ্ছে। এছাড়া অতি দরিদ্র ও অসহায় পরিবারগুলোকেও নিয়মিত আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।

স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন ও সুবিধাভোগীরা জানান, দীর্ঘ ১৮ বছর ধরে লায়ন সাইফুদ্দিন জালালির মানবিক কর্মকাণ্ড আলীকদম ও লামার সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সরকারি উদ্যোগের পাশাপাশি তাঁর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখছে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম আরও বিস্তৃত আকারে অব্যাহত থাকবে এবং পাহাড়ি অঞ্চলের মানুষের কল্যাণে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!