বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন পেয়ে লেফটেন্যান্ট পদে নিয়োগ পেয়েছেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কৃতি সন্তান মুশফিকুর রহমান নিলয়।
বৃহস্পতিবার (১৮ জুন) চট্টগ্রামের ভাটিয়ারিতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত রাষ্ট্রপতি কুচকাওয়াজের মাধ্যমে বিএমএর ৯০তম দীর্ঘমেয়াদি কোর্সের অফিসার ক্যাডেটদের আনুষ্ঠানিকভাবে কমিশন প্রদান করা হয়। এ সময় মুশফিকুর রহমান নিলয়ও বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করেন।
কমিশন প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে তার পিতা মিজানুর রহমান পল্টু ও মাতা জাহানারা নার্গিস ছেলের কাঁধে র্যাংক ব্যাজ পরিয়ে দেন। শিক্ষক দম্পতির সন্তান মুশফিকুরের এই অর্জনে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে।
মুশফিকুর রহমান নিলয়ের জন্ম ২০০৪ সালের ২২ জানুয়ারি। ছোটবেলা থেকেই তিনি মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিত ছিলেন। প্রাথমিক ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় কৃতিত্বের ধারাবাহিকতা বজায় রেখে তিনি ২০২০ সালে এসএসসি এবং ২০২২ সালে খুলনা মিলিটারি স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেন।
উচ্চমাধ্যমিক পাসের পর তিনি বাংলাদেশ সেনাবাহিনীর দীর্ঘমেয়াদি কোর্সে ভর্তি হন। তিন বছরের কঠোর প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে তিনি এখন বাংলাদেশ সেনাবাহিনীর একজন কমিশনপ্রাপ্ত লেফটেন্যান্ট হিসেবে দেশসেবার মহান দায়িত্ব গ্রহণ করলেন।
এ অর্জনে মুশফিকুর রহমান নিলয়ের জন্য শুভকামনা জানিয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, সহপাঠী ও শুভানুধ্যায়ীরা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

