নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
বুধবার (১৮ জুন) রাতে সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকায় অভিযান চালিয়ে ইলিয়াস হোসেন ওরফে জয় (২৭) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে র্যাব-১১-এর ক্যাপ্টেন (অপস) মো. রওনক এরফান খানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ সদর কোম্পানির একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ইলিয়াস হোসেন নরসিংদীর রায়পুরা উপজেলার গোকনগর এলাকার মৃত হারুন মিয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার নয়ামাটি এলাকাতেও বসবাস করতেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০১৯ সালে ফতুল্লা থানায় দায়ের করা একটি হত্যা মামলায় বিচার শেষে নারায়ণগঞ্জের বিজ্ঞ আদালত ইলিয়াস হোসেনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।
পলাতক এই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব গোয়েন্দা নজরদারি ও অনুসন্ধান কার্যক্রম চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় জালকুড়ি এলাকায় তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

