খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার (১১ জুন) রাত ৯টা ৩৫ মিনিটের দিকে নগরীর ময়লাপোতা মোড়ে অবস্থিত বেসরকারি হাসপাতালটিতে আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর মুহূর্তেই ঘন ধোঁয়ায় হাসপাতালের ভবন ছেয়ে যায়। এতে রোগী, স্বজন ও হাসপাতালের কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দ্রুত নিচে নেমে নিরাপদ স্থানে আশ্রয় নেন, আবার কেউ ভবনের ওপরের তলায় অবস্থান করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত সাড়ে ১০টা পর্যন্ত ভবন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।
খুলনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরিফ উল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন নিয়ন্ত্রণে ১২টি ইউনিট কাজ করছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, আগুনের উৎপত্তিস্থল ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে তদন্তের মাধ্যমে ঘটনার কারণ নির্ধারণ করা হবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

