যশোর শহরের চাঁচড়া এলাকায় একটি ঘরে ঢুকে দুই নারীকে ধর্ষণের অভিযোগে রকি (ছদ্মনাম) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত রকি চাঁচড়া ডালমিল এলাকার রাজ্জাক হোসেনের ছেলে। তার বিরুদ্ধে পূর্বে একটি হত্যা মামলাও ছিল বলে জানা গেছে।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১২টার দিকে এক গৃহবধূ ও তার ননদের কিশোরী মেয়ে একটি ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় গৃহবধূর স্বামী বাড়ির বাইরে ছিলেন। অভিযোগ রয়েছে, এই সুযোগে রকি কৌশলে ঘরে প্রবেশ করে। পরে তিনি দুইজনকে যৌন নির্যাতন করেন বলে অভিযোগ উঠেছে।
ঘটনার পর ভুক্তভোগীরা বিষয়টি পরিবারের সদস্যদের জানান। পরে তারা কোতোয়ালি থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে।
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল জানান, ভুক্তভোগীদের ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মামলা দায়েরের পর আসামিকে আদালতে সোপর্দ করা হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

