গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল ইসলাম, ওসি (তদন্ত) ঝলক মোহন্ত, প্রকল্পের জেলা ব্যবস্থাপক খন্দকার মো. আবেদ উল্যা, উপজেলা সমন্বয়কারী আবদুল্লাহ আল মামুন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. রবিউল ইসলাম খান এবং এনজিও ভয়েসের নির্বাহী পরিচালক সামছুল আলম লিটু।
বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য গ্রাম আদালতের মাধ্যমে সহজে ও স্বল্প খরচে ন্যায়বিচার পাওয়ার সুযোগ রয়েছে। তবে এ বিষয়ে এখনও অনেক মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। তাই সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে গ্রাম আদালতের সেবা পৌঁছে দিতে হবে।
তারা আরও বলেন, গ্রাম আদালতের কার্যক্রম শক্তিশালী হলে একদিকে বিচারপ্রার্থীদের সময় ও অর্থ সাশ্রয় হবে, অন্যদিকে স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করা সহজ হবে।
সভায় গ্রাম আদালতের কার্যক্রমে নারীদের অংশগ্রহণ ও ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

