চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘রাজনৈতিক প্রতিহিংসামূলক ও হয়রানিমূলক’ আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা।
সোমবার (৮ জুন) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের ব্যানারে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিকেল নাগাদ ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ফরিদগঞ্জ থানার মোড়ে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা।
জেলা যুবদলের সদস্য ফজলুর রহমানের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর মিথ্যা মামলার খড়গ চালানো হচ্ছে। তারা অবিলম্বে এই ভিত্তিহীন মামলা প্রত্যাহার এবং ঘটনার নেপথ্যে থাকা কুশীলবদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সমাবেশে বক্তব্য দেন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, পৌর বিএনপি নেতা এম.এম. টুটুল পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুস ছবুর রুবেল, বিএনপি নেতা মানিক পাটওয়ারী, পৌর যুবদল নেতা শাওন পাঠান, তারেক পাটওয়ারী এবং ছাত্রদল নেতা আশিকুর রহমান।
উল্লেখ্য, গত ৩১ মে বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালনকালে ফরিদগঞ্জে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় স্বতন্ত্র সংসদ সদস্য এম.এ. হান্নানের সমর্থক মেহেদী হাসান রনি বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও নির্বাচনে ধানের শীষের পরিচালনা কমিটির সদস্য রাজু পাটওয়ারীকে প্রধান আসামি করা হয়। এছাড়াও মামলায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের একাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
বিএনপি নেতাদের দাবি, এই মামলাটি তাদের দমনের একটি অপকৌশল মাত্র। ওই মামলাকে ‘ভিত্তিহীন ও রাজনৈতিক প্রতিহিংসামূলক’ দাবি করে তা প্রত্যাহারের জোর দাবি জানান।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

