মাদারীপুর সদর থানায় গ্রেপ্তার হওয়া দুই আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে আরও সাত যুবককে আটক করেছে পুলিশ। এ নিয়ে মোট ৯ জনকে আটক করা হয়েছে।
সোমবার (৮ জুন) রাতে শহরের পুরাতন বিসিক শিল্পনগরী এলাকা থেকে দুইজনকে আটক করার পর এ ঘটনা ঘটে। পরে আসামিপক্ষের লোকজন থানা ঘেরাও ও অবরুদ্ধ করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।
পুলিশ সূত্রে জানা যায়, শহরের বাদামতলা এলাকার সবুজকে একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে আটক করা হয়। একই সময় নতুন মাদারীপুর এলাকার আরিফ চৌকিদারকেও গ্রেপ্তার করে পুলিশ। তাদের আটকের সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি আরিফ চৌকিদারের বিরুদ্ধে থাকা ওয়ারেন্ট দেখতে চান। এ নিয়ে পুলিশ ও স্থানীয়দের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পরে পুলিশ আটক দুজনকে সদর থানায় নিয়ে আসে। এরপর পুলিশের দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে থানার সামনে থেকে আরও সাতজনকে আটক করা হয়।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঘটনার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মাদারীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা বলেন, “নিয়মিত অভিযানের অংশ হিসেবে আরিফ ও সবুজ নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে আরও সাতজনকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

